বিগ ব্যাশের নতুন মৌসুমেও হোবার্ট হারিকেন্সে থাকছেন রিশাদ হোসেন

Published: October 15, 2026, 7:45 am

বিগ ব্যাশ লিগের গত আসরে নিজের সামর্থ্যের উজ্জ্বল প্রমাণ দিয়েছিলেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে নেমেই হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। সেই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নতুন মৌসুমেও তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট কর্তৃপক্ষ। বিগ ব্যাশের ১৬তম আসর আগামী ১২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে, যেখানে আবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে এই তরুণ লেগস্পিনারকে।

গত আসরে হোবার্টের হয়ে ১২টি ম্যাচে মাঠে নেমেছিলেন রিশাদ। ১৫টি উইকেট শিকারের পাশাপাশি তাঁর বোলিং গড় ছিল ২০.৮৬ এবং ইকোনমি রেট ছিল ৭.৮২। এক ম্যাচে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেওয়া ছিল তাঁর সেরা বোলিং পরিসংখ্যান। এমন পারফরম্যান্সের সুবাদে মৌসুম শেষে তিনি হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের স্বীকৃতিও লাভ করেন।

হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস জানিয়েছেন, রিশাদকে ফেরানোর পেছনে খেলোয়াড়টির নিজের আগ্রহ বড় ভূমিকা রেখেছে। বিমস বলেন, রিশাদ তাদের স্পষ্ট জানিয়েছিল যে গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে সেখানে ফিরতে চায়। জাম্পাকে দলে নেওয়ায় দলীয় সমীকরণে পরিবর্তন আসলেও, রিশাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়ের আগ্রহকে গুরুত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

নতুন মৌসুমে রিশাদের সঙ্গে হোবার্টের লেগস্পিন আক্রমণে থাকছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অ্যাডাম জাম্পাও। বিমসের মতে, এই দুই লেগস্পিনারের শক্তির জায়গা ভিন্ন হওয়ায় কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং আক্রমণ সাজানোর ক্ষেত্রে বাড়তি কৌশলগত সুবিধা পাবে দল। গত গ্রীষ্মে মাঝের ওভারগুলোতে রিশাদের বিপজ্জনক হয়ে ওঠার সক্ষমতা দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh