রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে অবস্থিত 'স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি' নামের ওই অফিসে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটিতে কর্মরত দুই নেটওয়ার্ক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ দুই কর্মচারী হলেন— হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। হামলার ঘটনার পরপরই সহকর্মীরা তাঁদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঘটনার বিবরণ দিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত হঠাৎ কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। হামলায় হাবিবুর রহমানের বাম হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাতিরঝিলের ওয়াবদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।





