রাজাপুরের রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ জন শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এই ঘটনা ঘটে। প্রধান শিক্ষক জানান, রবিবার ফলাফল প্রকাশের নির্ধারিত দিন ছিল, তবে তার আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জেনে ফেলে। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান শিক্ষক আরও জানান, বর্তমান সময়ে পড়াশোনার চাপের কারণে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে থাকতে পারে, কারণ তাদের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজে পাস করা যেত।
শনাক্ত ১৫ জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলেও জানিয়েছেন প্রধান শিক্ষক। তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে এবং সবাইকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





