দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) মোংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এই অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে এই সফরের মূল গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে প্রথমে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে করে তিনি আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবেন।
সফরের পরবর্তী পর্যায়ে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে বাংলাদেশ নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মোংলা নদীসংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বন্দরকেন্দ্রিক বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পায়নের উদ্যোগ আরও গতিশীল হবে।





