সৌদির সার্বভৌমত্ব ও পবিত্র মসজিদের নিরাপত্তায় আপসহীন পাকিস্তান

Published: October 19, 2026, 12:17 pm

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীর নিরাপত্তা রক্ষার বিষয়ে পাকিস্তান কোনো ধরনের আপস করবে না বলে কড়া বার্তা দিয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে রিয়াদকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা জানান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সৌদি আরবকে ঠিক কী পরিমাণ বা কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। আইএসপিআর মুখপাত্রের ভাষ্যমতে, কোনো প্রতিরক্ষা জোটই সাধারণত প্রকাশ্যে তাদের সহায়তার ধরন ও পরিমাণ প্রকাশ করে না।

যৌথ প্রতিরক্ষা জোটের বিষয়ে কথা বলতে গিয়ে আহমেদ শরিফ চৌধুরী জানান, এই জোটের মূল লক্ষ্য আক্রমণ নয়, বরং সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করা। জোটের কোনো সদস্য রাষ্ট্রের ওপর সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানোর ব্যবস্থা রয়েছে। আঞ্চলিক অস্থিরতা ও সংঘাত সৃষ্টিকারীদের কাছে এই সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

হুথিদের হামলার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তান সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। এর উদ্দেশ্য হলো উত্তেজনা প্রশমন এবং সংঘাতের বিস্তার রোধ করা। সামরিক সংঘাত বাড়িয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে পাকিস্তান মনে করে। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর একে অপরের ওপর হামলা বন্ধ করা উচিত। সংঘাতের বিস্তার পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh