নানা পাটেকরের মৃত্যুতে স্মৃতিচারণায় রোহিত শেঠি: সেই ফোনালাপ আর নেই

Published: October 9, 2026, 9:59 am

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পর তাকে স্মরণ করেছেন চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি। ৭৫ বছর বয়সে প্রয়াত এই অভিনেতার সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক, গভীর রাতের ফোনালাপ এবং তার অকপট মন্তব্যের কথা আবেগঘন স্মৃতিচারণায় তুলে ধরেছেন পরিচালক।

রোহিত জানান, নানা পাটেকর কখনো আনুষ্ঠানিকতা মেনে কথা বলতেন না। গভীর রাতে ফোন করে তিনি রোহিতকে ‘শেঠি’ বলে ডাকতেন। রোহিত স্মৃতিচারণ করে বলেন, ‘প্রিয় দাদা, গভীর রাতে আপনার ফোনগুলো খুব মনে পড়বে। কোনো সালাম বা আনুষ্ঠানিকতা নয়, সরাসরি বলতেন, “এই শেঠি, কী করছিস?” আমি ইচ্ছা করেই বিরক্ত করার জন্য বলতাম, “কে বলছেন?” তখন আপনি বলতেন, “শালা, নানা বলছি!”’

নিজের সিনেমার কঠোর ও সৎ সমালোচক হিসেবে নানা পাটেকরকে উল্লেখ করেছেন রোহিত। তিনি জানান, কোনো সিনেমা ভালো লাগলে নানা যেমন প্রশংসা করতেন, আবার পছন্দ না হলে সেটিও সরাসরি জানিয়ে দিতেন। রোহিত লেখেন, ‘আমার সিনেমা মুক্তির পর আপনি ছিলেন সবচেয়ে সৎ সমালোচকদের একজন। কোনো কথা ঘুরিয়ে বলতেন না। কখনো বলতেন, “এটা ভালো বানিয়েছিস।” কখনো বলতেন, “এটা আমার ভালো লাগেনি।” আবার কোনো ছবিকে বলতেন সুপারহিট। আরেকটি ছবি দেখে বলতেন, “তুই হিট বানানোর চেষ্টা করেছিস।”’

এছাড়া নানা পাটেকর প্রায়ই রোহিতকে মনে করিয়ে দিতেন যে, তিনি নিজেই একজন বড় তারকা, তাই সিনেমায় অতিরিক্ত তারকার প্রয়োজন নেই। ২০১৭ সালে মুক্তি পাওয়া রোহিত শেঠির ‘গোলমাল এগেইন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন নানা পাটেকর। সেই কাজের পারিশ্রমিক নিয়ে কথোপকথনের স্মৃতিও পরিচালক তুলে ধরেন। তিনি জানান, পারিশ্রমিক কত হবে জানতে চাইলে নানা বলেছিলেন, ‘বোকা, তোর কাছ থেকে টাকা নেব? একটা এতিমখানার নম্বর দিচ্ছি, সেখানে টাকা দান করে দিস।’

নানা পাটেকরের এই কথার মধ্যেই তার সরলতা, অকপটতা ও উদারতার পরিচয় পেয়েছেন রোহিত শেঠি। স্মৃতিচারণার শেষ দিকে তিনি লেখেন, নানা তাকে ‘শেঠি’ বলে ডাকতেন। সেই ডাক আর কখনো শোনা যাবে না—এ কথা ভাবতেই তার মন ভারী হয়ে উঠছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin