ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে সাময়িক মেঘ বা ঝড় আসা স্বাভাবিক বিষয় হলেও দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন থাকাটাই স্বাভাবিক। তবে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে শুধু কী করা সম্ভব তা নিয়ে ভাবলেই হবে না, বরং কেন কোনো কিছু অসম্ভব—সেই প্রশ্নটিও করা জরুরি। এই দৃষ্টিভঙ্গিই নতুন সম্ভাবনার পথ উন্মোচন করতে পারে বলে তিনি মনে করেন।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। এম জে আকবর আরও বলেন, বাংলাদেশ ও ভারত—উভয় রাষ্ট্রই তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিশেষ করে বাংলা ভাষার শক্তি ও সাংস্কৃতিক স্বকীয়তাই বাংলাদেশকে অন্যদের থেকে আলাদা করেছে।
বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় তিনি বলেন, কোনো দেশের সার্বভৌমত্বকে সম্মান না করা হলে বিশ্ব পরিস্থিতি আরও বিশৃঙ্খলার দিকে ধাবিত হতে পারে। বর্তমান বিশ্বের যুদ্ধ ও সংঘাত প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, কোনো যুদ্ধকে অবৈধ বলার আগে এর উৎস ও পটভূমি বিশ্লেষণ করা প্রয়োজন। তিনি বিংশ শতাব্দীকে তিনটি বিশ্বযুদ্ধের শতাব্দী হিসেবে অভিহিত করে বলেন, সেই সময়ে পরাশক্তিগুলোর মধ্যে বিশ্ব নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়েছিল, যা দক্ষিণ-পূর্ব এশিয়া বা দক্ষিণ আফ্রিকায়ও প্রভাব ফেলেছিল।
একবিংশ শতাব্দীর যুদ্ধের ধরন আগের চেয়ে ভিন্ন উল্লেখ করে এম জে আকবর বলেন, এখনকার সংঘাতগুলোকে একক কোনো বিশ্বযুদ্ধ হিসেবে দেখা যায় না। বরং বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে একের পর এক সংঘাত চলছে। এগুলো একটানা না চললেও থেমে থেমে চলতে থাকে এবং পুরোপুরি শেষ হয় না।





