রাজধানীর আবদুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবক ফরহাদ

Published: October 15, 2026, 2:28 pm

রাজধানীর আবদুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও ভোলার মনপুরা উপজেলার ২৪ বছর বয়সী তরুণ মো. ফরহাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ফরহাদ ভোলার মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. মিরাজের ছেলে এবং তিনি ঢাকায় একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর পরিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম মঙ্গলবার (১৩ অক্টোবর) জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবকের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তাঁর অবস্থান শনাক্ত ও উদ্ধারে পুলিশ তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

পারিবারিক ও জিডি সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুরের পূর্ব পাশের এলাকা (উত্তরা ১ নম্বর ওয়ার্ড) থেকে ফরহাদ নিখোঁজ হন। নিখোঁজের বড় ভাই মো. সাত্তার জানান, ফরহাদ ওইদিন আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে নোয়াখালী হয়ে মনপুরায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাসে ওঠার কথা ফোনে জানানোর মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খবর না পাওয়ায় বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে ফরহাদের পরিবার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy