ওয়ানডে অভিষেকেই ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন মাহলি বিয়ার্ডম্যান

Published: November 13, 2026, 9:10 am

অস্ট্রেলিয়ান ক্রিকেটে বল টেম্পারিং নিয়ে উসমান খাজার অভিযোগের উত্তাপের মধ্যেই পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নজর কেড়েছেন ২১ বছর বয়সী পেসার মাহলি বিয়ার্ডম্যান। আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকেই বিধ্বংসী বোলিংয়ে তিনি ২৪ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। বিয়ার্ডম্যানের এই দুর্দান্ত বোলিংয়ের সামনে ইংল্যান্ড মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। জবাবে অস্ট্রেলিয়া ১৫৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয়।

অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে অভিষেকে এটিই এখন সেরা বোলিংয়ের রেকর্ড। বিয়ার্ডম্যান পেছনে ফেলেছেন সাবেক পেসার ও বর্তমান নির্বাচক টনি ডোডেমাইডকে, যিনি ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২১ বছর ২ মাস ১৩ দিন বয়সে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন কুপার কনোলিকে।

২০০৫ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডুনসবরোয় জন্ম নেওয়া বিয়ার্ডম্যান ২০১৩-১৪ অ্যাশেজে মিচেল জনসনের বোলিং দেখে অনুপ্রাণিত হন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে থেকেই তিনি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতেন, আজও ইংল্যান্ডের বিপক্ষে সেই গতির ধারাবাহিকতা বজায় রেখেছেন। ১০ বছর বয়সে স্থানীয় কোচদের নজরে আসা এই পেসার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিংবদন্তি ডেনিস লিলির কাছে পেস বোলিংয়ের দীক্ষা নিয়েছেন।

দুই বছর আগে ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই তরুণ পেসার ছোটদের বিশ্বকাপ জয়ের পর ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার স্বপ্নের কথা জানিয়েছিলেন। যদিও সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি, তবে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সদের উত্তরসূরি হওয়ার পথে তিনি বেশ খানিকটা এগিয়ে গেলেন বলেই মনে করা হচ্ছে।

২০১৩–১৪ অ্যাশেজে মিচেল জনসনের বোলিং দেখে তাঁর অ্যাকশনের অনুসরণ করতে শুরু করেন ডানহাতি পেসার।

অস্ট্রেলিয়ার হয়ে ২০২৪ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের আগেই ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির আশপাশে বোলিং করতেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo