কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ও সাগরের পলি জমে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহাসিক কোহেলিয়া নদী। নদীর তলদেশ ভরাট হয়ে পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় বিভিন্ন পয়েন্টে জেগে উঠছে ছোট-বড় অসংখ্য চর। ফলে প্রতিদিন চলাচলকারী জেলে নৌকা, ছোট-বড় লবণ পরিবাহী কার্গো ট্রলারসহ অন্যান্য জলযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জলযান চালাতে গিয়ে স্থবির হয়ে পড়ছে স্থানীয় যোগাযোগব্যবস্থা ও সামগ্রিক অর্থনীতি।
নদী তীরবর্তী মাতারবাড়ী এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী জেলেদের অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনার চরম অপরিকল্পনা এবং দ্রুত পলি জমার কারণে নদীটির নাব্যতা সংকট প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপাক) মহেশখালী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক হুঁশিয়ারি দিয়ে জানান, অনতিবিলম্বে বর্জ্য ফেলা বন্ধ এবং নদী খননের উদ্যোগ না নিলে কোহেলিয়া নদী অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি নদীর সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নদীটি রক্ষা না হলে স্থানীয় জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের ওপর চরম বিপর্যয় নেমে আসবে।
মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হোছাইন মাসুম জানান, যুগ যুগ ধরে মহেশখালীর শত শত পরিবার কোহেলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। তবে কয়লা বিদ্যুৎ প্রকল্প চালুর পর থেকে নানামুখী পারিপার্শ্বিকতায় নদী ভরাট হতে শুরু করে। বর্তমানে জেগে ওঠা চরগুলোতে প্রাকৃতিকভাবে প্যারাবন গড়ে উঠলেও সাধারণ মৎস্যজীবীদের মাছ শিকারের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে। নদীর নাব্যতা আগের অবস্থায় ফিরিয়ে আনতে দ্রুত নদী খননের দাবি জানান তিনি।
এদিকে মহেশখালী ও কক্সবাজার অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে কোহেলিয়া নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী জানান, নদীটি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ মৎস্যজাত পণ্য ও লবণ পরিবহন করা হয়। তবে জেগে ওঠা চর এবং কোহেলিয়া ব্রিজের নিচে অপরিকল্পিতভাবে বসানো লোহার অ্যাঙ্গেলের কারণে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটছে। তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, গত বছর কোহেলিয়া ব্রিজের নিচের লোহার অ্যাঙ্গেলের সাথে ধাক্কা লেগে তার একটি লবণবোঝাই কার্গো ট্রলার ডুবে গিয়ে অন্তত ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। নৌপথটি সচল ও নিরাপদ করতে অবিলম্বে ড্রেজিং করে সব প্রতিবন্ধকতা অপসারণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।





