যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছেন, যিনি সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এয়ার ফোর্স টুতে সাংবাদিক মার্ক হ্যালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স তার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, তার সম্পূর্ণ মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকে এবং তিনি কেবল মার্কিন প্রার্থীদেরই সমর্থন করেন। তিনি ইসরাইলের নির্বাচনে জড়াতে চান না জানিয়ে বলেন, আমি নেতানিয়াহুকে সমর্থন করার পক্ষেও নই, আবার বিপক্ষেও নই। আমি ইসরাইলের নির্বাচনে জড়াচ্ছি না।
ভ্যান্সের এই নিরপেক্ষ অবস্থানের ঘোষণা ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের ঠিক বিপরীত। চলতি মাসের শুরুতে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইসরাইলের রাজনীতিতে না জড়ানোর কথা বললেও, শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করে পূর্ণ সমর্থন জানান। তবে ভ্যান্স এর আগেও নির্বাচনী ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছেন; চলতি বছরের শুরুর দিকে হাঙ্গেরির নির্বাচনে তিনি ট্রাম্প-সমর্থিত ভিক্টর অরবানকে সমর্থন দিতে বুদাপেস্ট সফর করেছিলেন, যদিও অরবান সেই নির্বাচনে পরাজিত হন।
এদিকে ইসরাইলের নির্বাচনের কয়েক দিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক অঘোষিত সফরে ইসরাইল গেছেন। একটি সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় তিনি নেতানিয়াহু এবং ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ-এর সঙ্গে বৈঠক করেছেন।





