৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড হেলগার

Published: October 18, 2026, 12:16 pm

বিমানের ডানায় দাঁড়িয়ে আকাশে ওড়ার এক দুঃসাহসিক কীর্তি গড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ৯৯ বছর বয়সী হেলগা ডাফি। আকাশে ওড়ার এই বিশেষ পদ্ধতিকে বলা হয় ‘উইং ওয়াক’ বা ডানার ওপর হাঁটা। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে তিনি এই রেকর্ডটি অর্জন করেছেন। ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের সিরেনসেস্টারের আরএফসি রেন্ডকম্ব এয়ারফিল্ডে এই দুঃসাহসিক কাজটি সম্পন্ন করেন তিনি। এ সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে এই অর্জনের সনদ তুলে দেন।

হেলগা ডাফি এই কীর্তি স্থাপনের পাশাপাশি উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য তহবিল সংগ্রহের কাজও করেছেন। তার এই উদ্যোগের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ৯৭ বছর বয়সী বেটি ব্রোমেজের একই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড। সাত ভাইবোনের মধ্যে সবার বড় হেলগা জানান, তার বাবা সব সময় সন্তানদের কাছ থেকে সেরাটা প্রত্যাশা করতেন এবং তিনি সবসময় সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন, তার বাবা বেঁচে থাকলে প্রথম সন্তান হিসেবে তার এই অর্জনে গর্বিত হতেন।

হেলগার এই দুঃসাহসিক অভিযানে তার দুই ভাতিজি জ্যাকি রোজ ও জুলি প্রিস উপস্থিত ছিলেন। জ্যাকি জানান, হেলগা দীর্ঘদিন ধরেই এমন ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা পোষণ করছিলেন এবং ৯৯ বছর বয়সেও যে তিনি আগের মতোই স্বাধীনচেতা ও স্পষ্টভাষী মানুষ, তা প্রমাণ করতে চেয়েছেন। এই উদ্যোগটি তাদের আবেগাপ্লুত করেছে, কারণ হেলগা যে দাতব্য সংস্থার জন্য কাজ করছেন, সেই উইল্টশায়ার অ্যান্ড বাথ এয়ার অ্যাম্বুলেন্সেই তাদের মাকে জীবনের শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল। দাতব্য সংস্থাটির প্রতিনিধি স্যাম কনওয়ে হেলগার সাহসিকতার ভূয়সী প্রশংসা করে তাকে একজন কিংবদন্তি হিসেবে আখ্যায়িত করেছেন। বয়স যে সাহস ও নতুন কিছু করার পথে বাধা হতে পারে না, হেলগা ডাফির এই কীর্তি যেন তারই অনন্য উদাহরণ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin