ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া ৬৬৬ কোটি টাকারও বেশি কর দ্রুত আদায়ের জন্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তার সংশ্লিষ্ট অংশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ প্রদান করেন।
এর আগে গত ১২ অক্টোবর হাইকোর্ট এক রায়ে গ্রামীণ কল্যাণের কাছে থাকা ৬৬৬ কোটি টাকার বেশি বকেয়া কর দ্রুত আদায়ের জন্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির করা পৃথক দুটি রিট আবেদন খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশনাটি ছিল। ওই দিনই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দুটি প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, এর আগে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের দায়ের করা রিট আবেদন দুটি খারিজ করে দিয়েছিলেন। কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করেই প্রতিষ্ঠানটি এই রিটগুলো করেছিল।





