নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে লগি-বৈঠা, রামদা, লাঠিসোঁটা ও টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে জেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। মিছিলের সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে, আজ থেকে গোপালগঞ্জ স্বাধীন’ স্লোগান দিতে দেখা যায় দলটির নেতাকর্মীদের।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নেতৃত্বে হাজারো মানুষ লঞ্চঘাট এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে উল্লাস করেন। মিছিলের সময় লঞ্চঘাট এলাকায় নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদি চত্বরের নামফলক এবং গোপালগঞ্জ সরকারি কলেজের গেটের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা নতুন ব্যানার সাঁটানো হয়।
তাণ্ডব চলাকালীন লঞ্চঘাট এলাকায় অবস্থানরত পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) পেছনের লুকিং গ্লাস ও একটি পুলিশ বক্সের জানালা ভাঙচুর করা হয়। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেয় কর্মীরা। মিছিলের সময় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলার চেষ্টা চালানো হয়; কার্যালয়টি তালাবদ্ধ থাকায় লাঠিসোঁটা ও রামদা দিয়ে কুপিয়ে বাইরের অংশে ক্ষয়ক্ষতি করা হয়। এর আগে শনিবার ও রোববার রাতে টুঙ্গিপাড়া পৌরসভা ও আশপাশের এলাকায় বিএনপি ও যুবদলের কার্যালয় এবং নেতাদের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে সরকার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফউজ্জামান ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে প্রত্যাহার করে নিয়েছে। নতুন ডিসি হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ এবং নতুন এসপি হিসেবে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের পরামর্শে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। একই সংবাদ সম্মেলনে পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি মোকাবিলায় ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এখানে আমাদের পুলিশ ফোর্স, এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যসহ মোট ৪টি বাহিনী ও ১০টি ইউনিটের ৩টি বিশেষ দল কাজ করছে। তিনি আরও বলেন, জেলায় ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তাই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত মোবাইল পেট্রোল কাজ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের পুরো পরিস্থিতির দিকে সরকার কড়া নজর রাখছে।





