সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Published: October 15, 2026, 1:50 pm

সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই আদেশ প্রদান করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। অবরুদ্ধ এসব ব্যাংক হিসাবে মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকার বেশি জমা রয়েছে বলে জানা গেছে।

আদালতের এই আদেশের আওতায় মনিরুল ইসলামের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার ব্যাংক হিসাবগুলো পড়েছে। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন এই আবেদনটি আদালতে উপস্থাপন করেছিলেন।

দুদকের তথ্য অনুযায়ী, মনিরুল ইসলামের ১১টি ব্যাংক হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা এবং ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড রয়েছে। তার স্ত্রী সায়লা ফারজানার পাঁচটি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, রেজাউল আলম শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদা খানম টুম্পার ২৭টি হিসাবে ৮ কোটি ২২ হাজার ৫১ টাকা জমা রয়েছে।

দুদকের আবেদনে অভিযোগ আনা হয়েছে যে, তারা পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে জঙ্গিবাদের তকমা দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তারা নিজেদের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

তদন্তকারী সংস্থাটির দাবি, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব ব্যাংক হিসাবের অর্থ বিদেশে পাচারের চেষ্টা চলছে এমন আশঙ্কায় এবং রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত হিসাবগুলো অবরুদ্ধ রাখা প্রয়োজন বলে দুদক আদালতে উল্লেখ করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh