দোহারে বাবা-মা হারানো পাঁচ কন্যার পাশে তারেক রহমানের প্রতিনিধিদল

Published: October 2, 2026, 9:15 am

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের পাঁচ এতিম কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'আমরা বিএনপি পরিবার'। গণমাধ্যমে এই অসহায় পরিবারের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিএনপির চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিক তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে শুক্রবার আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাধানগর গ্রামে ওই দম্পতির বাড়িতে পৌঁছায়। প্রতিনিধিদলের সদস্যরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এতিম পাঁচ কন্যার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, দল-মত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংগঠনটি গঠন করেছেন। তিনি জানান, এমন বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েটে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও ঋণের বোঝার চাপে ৩১ দিনের ব্যবধানে আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম মৃত্যুবরণ করেন। প্রথমে ফরিদা বেগম মারা যান এবং এর ঠিক এক মাস পর নিজ বসতঘর থেকে আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh