হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রতি জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দুর্গাপূজার এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর, ২০২৬ শনিবার দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারিকৃত ডিওএস সার্কুলার কার্যকর থাকবে। এই অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন ও বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, সরকার গত ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি ছিল। এরপর ২২ অক্টোবর অফিস খোলার কথা থাকলেও মন্ত্রিসভায় ওইদিনও নির্বাহী আদেশে ছুটি অনুমোদিত হয়। ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিনদিনের ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট পাঁচদিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, ছুটি শুরুর আগে ১৭ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে, যার ফলে ওইদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।





