যুক্তরাষ্ট্রে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক সরকারপ্রধান হিসেবে তার প্রাপ্য প্রটোকলের পাশাপাশি অতিরিক্ত এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে তার অবস্থানকাল পর্যন্ত বহাল থাকবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এই তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে একদল ব্যক্তির হাতে ড. ইউনূস হেনস্তার শিকার হন। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেট কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সরকার এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সদস্য হিসেবে চিহ্নিত হয়েছে। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের মতো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তির সঙ্গে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর সতর্কবার্তা দিয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে নিন্দা প্রকাশের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। একই সঙ্গে নিউ ইয়র্ক সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ কনস্যুলেট। বিমানবন্দরের দায়িত্বে নিয়োজিত পোর্ট অথরিটি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কনস্যুলেট এখন এ বিষয়ে পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে।





