রাজধানীতে আজ শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং থেমে থেমে বৃষ্টি ঝরছে। সকাল ১০টার দিকেও রাজধানীতে বৃষ্টির ধারা অব্যাহত ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রকৃতি থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার এই সময়ে আবহাওয়া কিছুটা অস্থিতিশীল থাকে। স্থানীয়ভাবে তৈরি মেঘের কারণে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে, যার প্রভাব পড়েছে রাজধানীতেও।
আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির জানান, আজ সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলেও বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু চলে যাওয়ার অপেক্ষায় থাকায় বায়ুর গতিপ্রকৃতি কিছুটা এলোমেলো, যার ফলে মেঘ জমে বৃষ্টির সৃষ্টি হচ্ছে। দিনের বাকি সময় রাজধানীতে কখনো মেঘ, কখনো বৃষ্টি এবং মাঝে মাঝে রোদের দেখাও পাওয়া যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ রাজশাহী ও রংপুর বিভাগ বৃষ্টিহীন থাকতে পারে। গত চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল এবং রাজধানীও বৃষ্টিহীন ছিল। গতকাল রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের এই বৃষ্টির পেছনে সাগরে কোনো লঘুচাপ বা অন্য কোনো বিশেষ আবহাওয়াজনিত প্রভাব নেই বলে জানানো হয়েছে।





