সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৩১ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন রোগী। ১৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে সুস্থতার হার সম্পর্কে জানানো হয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৩১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৩০ জন রোগী।





