রাজধানীর আগারগাঁও লিংক রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে।
ঘটনার বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুই থেকে তিন মিনিট সেখানে অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পুলিশ তথ্য পেয়েছে যে, দুর্বৃত্তরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছে।
পুলিশের ভাষ্যমতে, নিক্ষিপ্ত ককটেলগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেলে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে।
ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। ইবনে মিজান জানান, অপরাধীদের শনাক্ত করার জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তবে রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ফুটেজ পাওয়া সম্ভব হয়নি। সকালে ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।





