দীর্ঘ ২৬ বছরের বিরতি শেষে আবারও ঘরের মাঠে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় বাংলাদেশ। আগামী ১৮ থেকে ২২ অক্টোবর ঢাকার পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং মালদ্বীপ অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই আসরে ১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ অক্টোবর ব্রোঞ্জ পদকের লড়াই এবং ২২ অক্টোবর স্বর্ণপদকের জন্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের অধিনায়ক ইসমেতারা নিশি ফাইনাল খেলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তবে তিনি প্রতিপক্ষ দলগুলোকে হালকাভাবে নিতে রাজি নন। নিশি বলেন, এবারই প্রথম তারা কোনো বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছেন। তিনি আরও জানান, নেপাল ও মালদ্বীপের খেলায় যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নেপালের আটজন খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলেন, যা তাদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে। তাই কেবল ভারতের দিকে মনোযোগ সীমাবদ্ধ না রেখে সব দলের বিপক্ষেই সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি।
দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো কেবল এই টুর্নামেন্টের ফলাফলের দিকেই তাকিয়ে নেই, বরং দীর্ঘমেয়াদে দলের ভিত্তি মজবুত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তিনি জানান, বাংলাদেশ নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার এবং তারা ভবিষ্যতের সব প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
টুর্নামেন্টে প্রাথমিক পরিকল্পনায় পাঁচটি দল থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত আফগানিস্তান ও ইয়েমেন অংশ নিতে পারছে না। ইয়েমেন যুদ্ধের কারণে আসতে পারেনি। অন্যদিকে, আফগানিস্তান দলের পাঁচজন খেলোয়াড়ের ইরানি পাসপোর্ট থাকায় আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) নিয়মের জটিলতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।





