বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর এক নারী কর্মীর বাসায় গিয়ে তালাবদ্ধ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে গৌরনদী উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, ৫ আগস্টের পর থেকে দলে ভেড়া বিএনপি কর্মী তানিয়া আক্তার ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে, যখন বদিউজ্জামান মিন্টু ওই ফ্ল্যাটে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাইরে থেকে ফ্ল্যাটের দরজায় তালা ঝুলিয়ে দেন এবং স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকে বিষয়টি অবহিত করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদল ও যুবদল নেতারা মিন্টুকে তালাবদ্ধ অবস্থায় রেখেই বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল এবং গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের বাসভবনে গিয়ে খবরটি জানান। এ সময় সেখানে সাংবাদিকরাও উপস্থিত হন।
রাত সাড়ে ১২টার দিকে বদিউজ্জামান মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং মিন্টুর সহযোগী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শাবল দিয়ে দরজার তালা ভেঙে মিন্টুকে উদ্ধার করেন। এরপর তাকে মোটরসাইকেলে করে গৌরনদী খ্রিষ্টানপাড়ার ভেতর দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর জসিম শরীফ ও এস মাসুদের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের নেতারা তানিয়া আক্তারকে ডেকে তাকে গৌরনদী ত্যাগের নির্দেশ দেন। তাদের অভিযোগ, তানিয়া ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিলেন এবং এখন বিএনপি নেত্রী সেজে দলের নেতাকর্মীদের চরিত্র নষ্ট করছেন।
গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান জানান, তিনি ঘটনার কথা শুনেছেন কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, তিনি যুবদল-ছাত্রদল নেতাদের মাধ্যমে খবর পাওয়ার পর মিন্টুকে উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন, যাতে পরবর্তীতে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। তবে তিনি দাবি করেন, মিন্টুকে উদ্ধারের সময় তার সহযোগীরা যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং তাকে গালিগালাজ করেছে।
অভিযুক্ত বদিউজ্জামান মিন্টু ও তানিয়া আক্তারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা কল রিসিভ করেননি। তানিয়ার ফ্ল্যাটের দরজায় গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে তার ছেলে জানান যে, তার মা বাসায় নেই। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন, তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ থানায় কেউ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





