সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল: নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল

Published: November 15, 2026, 4:43 pm

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ৪টি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বসহ আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে নতুন নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে।

রদবদলের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক করা হয়েছে।

বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সেনাবাহিনীর এই পদোন্নতি প্রক্রিয়ায় ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin