আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত একমাত্র টেস্ট ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে। একই সাথে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছিল ওই টেস্টের ১৩৯তম ওভারে। সেই সময় দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করছিলেন জাজাই। মাঠের আম্পায়াররা তাকে বারবার মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট করা বন্ধ করতে নির্দেশ দিলেও তিনি তা উপেক্ষা করেন। আম্পায়ারদের অনুমতি ছাড়াই তিনি মাঠে প্রবেশ করেন, যা আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.৪ ধারা অনুযায়ী অপরাধ।
ম্যাচটির দায়িত্বরত আম্পায়ার আহসান রাজা, আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। জাজাই নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তি মেনে নেন, যার ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটিই জাজাইয়ের প্রথম অপরাধ। আইসিসির আচরণবিধির প্রথম স্তরের এই অপরাধের জন্য আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট হতে পারে।





