আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় বিনা খরচে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিজয়ের মাসে প্রথম দুই থেকে তিনটি ফ্লাইট চালুর প্রত্যাশা করছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নতুন এই ব্যবস্থায় বিদেশগামী কর্মীদের কাছ থেকে কোনো প্রকার অর্থ নেওয়া হবে না বলে মন্ত্রী নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্মী পাঠানোর যাবতীয় ব্যয় বিদেশি নিয়োগকর্তা বা তাঁদের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। প্রক্রিয়াটি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য কিছু সার্ভিস চার্জও বাতিল করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ কেবল নির্দিষ্ট কিছু এজেন্সির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, বরং দেশের সব বৈধ এজেন্সি যেন এই সুযোগ পায় তা নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের লক্ষ্য রয়েছে সরকারের।
কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশি নিয়োগকর্তার চাহিদাপত্র অনলাইনে জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নিয়োগকর্তার কাছ থেকে চাকরির নিশ্চয়তা নিয়ে রিক্রুটিং এজেন্সিকে মন্ত্রণালয়ে অঙ্গীকারনামাও জমা দিতে হবে। কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে আলাদা সেল গঠনের পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী সভায় জানান।
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এর অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিক্রুটিং এজেন্সি মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, কয়েকজনের অনিয়মের কারণে পুরো খাত যেন বিতর্কিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে বিদেশে কর্মী পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে তাদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উক্ত সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





