ভালোবাসার মিষ্টি মুহূর্ত, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি এবং সম্পর্কের নানা জটিল সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম ‘লাক্স প্রেজেন্টস ক্যাফে আমব্রেলা’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবং লাক্সের আয়োজনে নির্মিত এই ওয়েব ফিল্মটি গত ২৯ অক্টোবর থেকে এক্সক্লুসিভলি স্ট্রিমিং হচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
বহু চরিত্রের সমান্তরাল গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মটিতে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চার জুটির চার রকম ভালোবাসার গল্প, যা শেষ পর্যন্ত একটি অভিন্ন বয়ানে এসে যুক্ত হয়েছে। এই প্রোডাকশনের অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের অভিনয়ে অভিষেক। এতে বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাযাহ নাওয়ারের সঙ্গে দেখা যাবে পার্থ শেখকে এবং আমিনা ইসলামের বিপরীতে রয়েছেন আরেফিন জিলানি। এ ছাড়া অন্য একটি জুটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম। পাশাপাশি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম ও শিরিন আলমসহ একদল পরিচিত মুখ।
নতুন শিল্পীদের অভিনয়ে সাবলীল করে তুলতে শুটিংয়ের আগে বিশেষ অভিনয় কর্মশালার আয়োজন করেছিলেন নির্মাতা শিহাব শাহীন। অভিজ্ঞ ও নবীন শিল্পীদের এই সমন্বয় দর্শকদের মনে সম্পর্কের পরিচিত অনুভূতিগুলোকে নতুন আঙ্গিকে ফুটিয়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা। নতুন তিন অভিনয়শিল্পীর অভিষেক, চার জুটির ভিন্নধর্মী প্রেমের গল্প এবং শিহাব শাহীনের স্বকীয় নির্মাণশৈলী—সব মিলিয়ে মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে ‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে বেশ ভালো আগ্রহ তৈরি হয়েছে।





