মৌসুমী ও ওমর সানীর দুই সন্তান এখন কী করছেন

Published: October 31, 2026, 4:10 am

নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বরাবরই সচেতন, তবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নন তাঁরা। ২৯ অক্টোবর ছিল এই দম্পতির মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় ভিডিও কলের মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাবা ওমর সানী। মা মৌসুমী সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্য ভালোবাসা ও দোয়ার কথা লিখে আবেগঘন বার্তা দিয়েছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে মৌসুমী লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা! আমার চঞ্চল হরিণী, নয়নের মণি। হাঁটি হাঁটি পা করে কবে যে এত বড় হয়ে গেলে, সত্যি খুব অবাক লাগে! আল্লাহ–তায়ালার কাছে শুকরিয়া, তিনি আমাদের ঘর আলো করেছেন। আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করেন এবং দুনিয়া ও আখিরাতে সুখী করেন।’ মেয়েকে নিজের জীবনের সুন্দর উপহার ও গর্ব উল্লেখ করে মৌসুমী আরও জানান, মা হিসেবে তাঁর একটাই চাওয়া, মেয়ের জীবনের প্রতিটি দিন যেন আনন্দে ভরে থাকে এবং তার স্বপ্নগুলো যেন পূরণ হয়।

ওমর সানীও মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে ভিডিও কলে কথা বলার মুহূর্তের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমার মা, আমার চোখের মণি ফাইজা। শুভ জন্মদিন, দোয়া ও শুভকামনা।’

মৌসুমী ও ওমর সানীর দুই সন্তানের মধ্যে ফাইজা ছোট। বাংলাদেশে ও লেভেল ও এ লেভেল শেষ করার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। অন্যদিকে তাঁদের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠিত আবাসন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অতীতে পড়াশোনার পাশাপাশি নির্মাণ ও প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি সেই ব্যবসায় নেই।

সন্তানদের ক্যারিয়ার নিয়ে ওমর সানী জানান, তাঁরা দুজনেই সন্তানদের ওপর কোনো কিছু চাপিয়ে দেননি। তিনি বলেন, ‘মৌসুমী ও আমার দুজনেই কোনো কিছু ওদের ওপর চাপিয়ে দিইনি। দুজনের এ লেভেল পর্যন্ত পড়াশোনা নিয়ে আমরা সিরিয়াস ছিলাম। এরপর দুজনে নিজেদের পছন্দমতো ফিল্ডে কাজ করতে চেয়েছে। বাবা–মা হিসেবে আমাদের দুজনের সমর্থন ওদের প্রতি আছে। আমাদের একটা কথা ওদের প্রতি, তোমরা তোমাদের মতো করে বেড়ে ওঠো। প্রতিষ্ঠিত হও। তোমাদের জীবন যেন মানুষের উপকারে আসে, এটাই শুধু চাওয়া।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo