জাল সনদে বিসিএস ক্যাডার: সঞ্জয় ও মুসার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

Published: October 27, 2026, 1:20 pm

জাল সনদ ব্যবহার করে বিসিএস প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিরা হলেন ৩৮তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সঞ্জয় দাস এবং পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. মুসা। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই দুই আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেছিলেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা সরকারি চাকরি পাওয়ার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। তারা এই জাল সনদকে বৈধ হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করেন এবং নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালান। এর মাধ্যমেই তারা বিসিএসের বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

পরবর্তীতে চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh