সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা দুজনেই ওই রেস্তোরাঁর কর্মচারী।
ভুক্তভোগী তরুণের অভিযোগ অনুযায়ী, গত শনিবার বিকেলে তিনি তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের ওই রেস্তোরাঁয় খেতে যান। এ সময় তাঁদের অজান্তে গোপনে ছবি তোলা হয়। পরে ফেসবুকের বিভিন্ন পেজে সেই ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার ও উসকানি দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এতে দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তাঁরা হয়রানি ও বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই দুই কর্মীকে শনাক্ত করা হয়। এরপর রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং ভুক্তভোগী তরুণের করা মামলার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। ওসি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।





