বাকুতে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণের সময় বাংলাদেশের ওয়াকআউট

Published: October 15, 2026, 1:39 pm

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের মানবতাবিরোধী হত্যাযজ্ঞের প্রতিবাদে এই কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইসরাইলের প্রেসিডেন্ট যখন তার বক্তব্য শুরু করেন, তখন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং অন্যান্য প্রতিনিধিরা সম্মেলন কক্ষ ত্যাগ করেন। একই সময়ে আরও কয়েকটি দেশও ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে হল ত্যাগ করে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। গত বুধবার দিবাগত রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাকুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে আনুষ্ঠানিক অগ্রগতি পর্যালোচনা ও অনুসরণ ব্যবস্থাসহ ফলাফলভিত্তিক খাতওয়ারি প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন অংশীজনের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি উপস্থিতিভিত্তিক অনুষ্ঠানের আয়োজন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর আইসিটি প্রতিষ্ঠানের মধ্যে বিনিময় জোরদার করা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিআইসিএ ফোরামের মূল লক্ষ্য হলো এশিয়া অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও জোরদার করা। এবারের সম্মেলনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আজারবাইজানকে সিআইসিএ-এর সভাপতিত্বের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং মহামান্য সুলতান হাজিয়েভকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin