ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

Published: October 15, 2026, 6:54 am

ভারি বৃষ্টিপাতের ফলে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। অনেক স্থানে সড়ক ধসে পড়ার পাশাপাশি যানবাহন আটকা পড়ার খবর পাওয়া গেছে। এই দুর্যোগের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ বছর বয়সি এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আল-জাজিরার যাচাই করা নজরদারি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, শহরের ফাতিহ জেলার বালাত এলাকায় একটি গাড়ি পার্কিংয়ের প্রবেশপথে জমে থাকা পানির মধ্য দিয়ে যাওয়ার সময় কিশোরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, উদ্ধারকর্মীরা তাকে দ্রুত অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। বেসমেন্ট ও নিচতলার ফ্ল্যাটের বাসিন্দাদের রাতের বেলা ভবনের ওপরের তলায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া খাল, নদীর তীর, আন্ডারপাস এবং বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। বৃহস্পতিবার শহরজুড়ে ক্লাস স্থগিত রাখা হয়েছে এবং বুধবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিবন্ধী সরকারি কর্মচারী এবং ছোট শিশুর মায়েদের ছুটি দেওয়া হয়েছে।

ডেইলি সাবাহর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের এই শহরে জরুরি সেবা কেন্দ্রগুলোতে আড়াই হাজারের বেশি খবর এসেছে। কর্তৃপক্ষ ১ হাজার ২৭৭টি বন্যার ঘটনা ও ১৫টি ভূমিধসের তথ্য নথিভুক্ত করেছে। এ পর্যন্ত ৪৭ জন বন্যার পানিতে আটকা পড়েছিলেন, যাদের উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০০টির বেশি বাড়ি, ২৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৭৬টি যানবাহন। এছাড়া আইয়ুপসুলতান ও গাজিওসমানপাশা জেলায় সড়কের কিছু অংশ ধসে পড়েছে এবং এসেনইউর্ট এলাকায় বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীকে পথচারীরা উদ্ধার করেছেন। বন্যার পানি দুটি হাসপাতালে প্রবেশ করেছে এবং হাচিওসমান মেট্রো স্টেশনের ছাদ দিয়েও পানি ঢুকেছে। সুলতানগাজি এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ধসে পড়লেও শিক্ষার্থীরা অক্ষত রয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন প্রদেশে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। ইস্তাম্বুলে প্রায় ৮ হাজার উদ্ধারকর্মী এবং ২ হাজার যানবাহন ও নির্মাণযন্ত্র মোতায়েন করা হয়েছে। বেইকোজ জেলার ওমেরলি এলাকায় রেকর্ড ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারপ্রাপ্ত ইস্তাম্বুল মেয়র নুরি আসলান জানান, শহরের কিছু এলাকায় ১২ ঘণ্টায় প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কর্মব্যস্ত সময়ে যানজট প্রায় ৯০ শতাংশে পৌঁছালেও বিমান চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh