কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ইরান আন্তরিকভাবে প্রস্তুত রয়েছে। তবে একই সঙ্গে দেশটির ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে তার বিরুদ্ধে আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে আরাগচি বলেন, কূটনৈতিক পথে একটি ন্যায্য সমাধানে পৌঁছানোর বিষয়ে ইরান যেমন আন্তরিক, নিজেদের সুরক্ষার বিষয়েও তারা ঠিক ততটাই অবিচল। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, যে কোনো ধরনের সামরিক হামলার মুখে পড়লে ইরান যে বিধ্বংসী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত, সেই বার্তাও স্পষ্ট করেছেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের আগে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই ধরনের মন্তব্য করেন। মূলত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপকে কেন্দ্র করেই তিনি এই বক্তব্য দেন।
তেহরান বর্তমানে একদিকে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার ওপর জোর দিচ্ছে, অন্যদিকে সামরিক নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কঠোর অবস্থানও বজায় রেখেছে।
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৪: ০৮আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৪: ৪৪





