মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

Published: October 4, 2026, 2:42 am

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডা তার পদ থেকে পদত্যাগ করছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যর্থ হওয়ার ঘটনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। টেনেসির গভর্নর বিল লি গত শনিবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, ফ্রাঙ্ক স্ট্রাডা চলতি মাসেই তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

নিজে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ফ্রাঙ্ক স্ট্রাডা জানান, ক্রিস্টা পাইককে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই ডোজ ইনজেকশন দেওয়ার পরও তিনি বেঁচে আছেন। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এমন পরিস্থিতিতে টেনেসিবাসীর স্বার্থে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড গত বুধবার সকাল ১০টায় কার্যকর করার কথা ছিল। এটি কার্যকর হলে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে টেনেসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম নারী হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর হতো। কিন্তু দুটি ইনজেকশন দেওয়ার পরও তার মৃত্যু না হওয়ায় পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

আইনি নথিপত্র অনুযায়ী, বর্তমানে তাকে ন্যাশভিলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার প্রক্রিয়ার পুরো সময়জুড়ে তাকে কাঁদতে এবং জোরে শ্বাস নিতে শোনা গেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি অচেতন ছিলেন এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল।

এই ঘটনার পর ক্রিস্টার আইনজীবীরা তার সাজা কমানোর আবেদন জানিয়েছেন। একই সঙ্গে গত শুক্রবার তারা মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আলামত সংরক্ষণের জন্য একটি জরুরি আবেদনও দাখিল করেছেন। আইনজীবীরা ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগকে যৌক্তিক বলে মন্তব্য করলেও, তারা মনে করছেন এই পদত্যাগ ক্রিস্টার জন্য কোনো সুফল বয়ে আনবে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh