গাজীপুরের ডেগেরচালা এলাকার ম্যাট্রিক্স স্টাইলস নামের একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একযোগে কাজ করছে। এই ঘটনায় কারখানার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে পোশাক কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে ভোগড়া, জয়দেবপুর এবং আশেপাশের বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।
আগুন লাগার পর কারখানার সাত তলা ভবনের ছাদে বেশ কিছু শ্রমিকসহ সাধারণ মানুষ আটকা পড়েন। সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের বিশেষ টি টি এল (টার্ন টেবিল ল্যাডার) ব্যবহার করে প্রায় ৭০ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। এই উদ্ধার অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নেভানোর পাশাপাশি ছাদে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত, তা তদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।





