ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Published: September 22, 2026, 6:11 am

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির প্রধানমন্ত্রীর সফর ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এই সফরটি মূলত একটি বহুপক্ষীয় সফর এবং এর মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর চার দিনের সফরে ১০টিরও বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের কর্মসূচি থাকলেও ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি ভিন্ন। প্রতিমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেই বৈঠকটি হবে একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠক।

হুমায়ূন কবির আরও জানান, বর্তমান সফরের মূল লক্ষ্য জাতিসংঘ হওয়ায় এর বাইরে অন্য কোনো দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার সুযোগ কম। তাই ট্রাম্পের সঙ্গে বৈঠকটি পরবর্তী সময়ে দুই পক্ষের সুবিধা অনুযায়ী উপযুক্ত সময়ে দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা যোগে প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছালে প্রবাসী বাংলাদেশিরা স্লোগান ও উচ্ছ্বাসের মাধ্যমে তাকে স্বাগত জানান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy