দীর্ঘদিনের চেনা বায়ুদূষণের চিত্র থেকে কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় ফিরেছে রাজধানী ঢাকা। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন ৩৯ নম্বরে নেমে এসেছে। ৬১ স্কোর নিয়ে রাজধানীর বাতাস বর্তমানে ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে অবস্থান করছে।
এদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ২০৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একই সময়ে ১৯১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ১৮৬ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয় তৃতীয়, ১৫৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং চতুর্থ এবং ১৫১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা পঞ্চম অবস্থানে রয়েছে। কঙ্গোর রাজধানী কিনশাসা ১১৪ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক বা একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে সেই বাতাস ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।





