বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার পদায়ন

Published: September 21, 2026, 5:23 am

বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এই দুই জেলার বর্তমান পুলিশ সুপারদের ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়েছে। গত ২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের সই করা এই প্রজ্ঞাপনটি সোমবার প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে বাগেরহাটের বর্তমান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ডিএমপিতে বদলি করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২১

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh